সিলেটটুডে ডেস্ক | ০৫ অক্টোবর, ২০২৩
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতকাল বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও পণ্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।
নতুন দাম ঘোষণার মাত্র চার দিন আগে ৩০ সেপ্টেম্বর দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমে। তারও আগে ২৭ সেপ্টেম্বর দাম একবার কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছিল বাজুস।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৯৭ হাজার ৪৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।