Sylhet Today 24 PRINT

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৬

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় বুধবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। নিহতরা হল- হিরন ও আবদুল্লাহ।

পুলিশের দাবি, তারা আশুলিয়া ও গাবতলী পুলিশ চেকপোস্টে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন যুগান্তরকে জানান, রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর এলাকা থেকে তিন জঙ্গি সদস্যকে আটক করা হয়।

আটকের পর তারা জানায়, হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় তাদের আরও কয়েকজন সদস্য অবস্থান করছে। এরপর তাদের নিয়ে রাত সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় ডিবির টিম। শিকদার মেডিকেলের অদূরে সরকুঞ্জ এলাকায় পৌঁছলে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল দেখে ডিবির সন্দেহ হয়। থামানোর সংকেত দিলে ডিবি পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে মোটরসাইকেল আরোহীরা। পাশের ফাঁকা জায়গা থেকে আরও কয়েকজন দুর্বৃত্ত বোমা ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে ডিবি পুর্লিশও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ২ জনকে গুর্লিবিদ্ধ অবস্থায় মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। অপর দুর্বৃত্তরা বোম ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আটক তিন সদস্যের একজন ডিবিকে জানায়, নিহত একজনের নাম হিরন এবং অপরজনের নাম আবদুল্লাহ। তারা আশুলিয়া ও গাবতলীতে পুলিশ হত্যার সঙ্গে জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.