সিলেটটুডে ডেস্ক | ০৮ অক্টোবর, ২০২৩
বাজার স্থিতিশীল রাখতে নতুন করে আরও পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালায়।
রোববার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নতুন করে ডিম আমদানির অনুমতি পেয়েছে পাঁচটি কোম্পানি। প্রতিটি কোম্পানি এক কোটি করে ডিম আমদানি করবে।
দেশের বাজারে ডিমের দাম বেড়ে গেলে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেন। তিনি বলেন, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ ও দেশি পেঁয়াজ ৬৫ টাকা, তবে সেই ঘোষণার পরও নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি হয় না।
বাজারে সরবরাহ বাড়ানোর জন্য শুরুতে চার কোটি ডিম আমদানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ডিম আমদানির অনুমতির সঙ্গে শর্তও দেওয়া হয়। সেগুলো হলো- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুমুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে, আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। এছাড়া নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না এবং সরকারের অন্যান্য বিধিবিধান প্রতিপালন করতে হবে।