ইন্টারন্যাশনাল ডেস্ক | ১৪ জানুয়ারী, ২০১৬
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে চলতি বছরের শেষে প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়ে জানুয়ারি-জুন প্রান্তিকের জন্য সতর্কতামূলক ও সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
খাদ্য ও জ্বালানি বহির্ভূত কোর মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় এ ধরনের মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে বলে গভর্নর ড. আতিউর রহমান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়া মুদ্রা নীতিতে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৮ শতাংশ থেকে ৬ দশমিক ৯ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মুদ্রানীতি ঘোষণাকালে ড. আতিউর রহমান বলেন, বর্তমানে খাদ্য ও জ্বালানি বহিভূত কোর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশ। যা সার্বিক মূল্যস্ফীতিকে ঊর্ধ্বমুখী চাপে রেখেছে। তাই সতর্ক ও সংযত মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে ১৪.৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
তিনি বলেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপের কারণে গতবারের চেয়ে ব্যাপক ও বেসরকারি খাতের ঋণ যোগানের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে যথাক্রমে ১৫ শতাংশ এবং ১৪ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে যথাক্রমে ৬ দশমিক ৭৫ শতাংশ এবং ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে।