Sylhet Today 24 PRINT

সোনার আরেক লাফ, ভরিতে বেড়েছে ২৩৩৩ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়া‌নো হয়েছে। ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ৯৯ হাজার ৩৭৭ টাকা (প্রতি ভরি)।

আগে এটা ছিল ৯৭ হাজার ৪৪ টাকা। বুধবার (১১ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে এটি কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৯ হাজার ৩৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৬৭ হাজার ৭৬৮ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.