Sylhet Today 24 PRINT

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩০ দিনের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২৩

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এই আদেশ দিয়ে সোহেল রানাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আর আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়।

এক মামলায় হাইকোর্টের আদেশ অমান্যর বিষয়ে যস ব্যাখ্যা দাখিল করেন সোহেল রানা তাতে সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। পরে সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চাইলে হাইকোর্ট তার নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ না করে তাকে আজ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সেই সাথে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.