Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রায় আড়াই ঘণ্টা পর আবারও সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।

সংগঠনটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কারণে শনিবার রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘তার ইসিজি, এক্সরেসহ আরও কিছু পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে একজন চিকিৎসক উল্লেখ করেন, খালেদা জিয়া শারীরিক দুর্বলতার কারণে ওষুধ খেতে চান না। তাকে স্যালাইন দেয়া আছে ও নিয়মিত ইনজেকশন দিতে হয়। দুই দিন আগে তার হিমোগ্লোবিনের মাত্রার কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু তারপর থেকে তা কমে গেছে। ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

ডাক্তার আরও জানান, তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে লিভারের সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া স্থায়ী সমাধান অসম্ভব বলে মনে করছেন। বিভিন্ন মেডিক্যাল রিপোর্ট পাওয়া গেছে। বোর্ড প্রতিনিয়ত এসব রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা সংশোধন করছে। একাধিক হাসপাতালে আরও কিছু পরীক্ষা করা হচ্ছে। বোর্ড তার জটিল স্বাস্থ্য সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাশে আছেন তার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে কিডনি, শ্বাসকষ্ট, হার্টের সমস্যা ও লিভারের জটিলতায় ভুগছেন।

বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদার ও একটি ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের নির্দেশনায় তিনি চিকিৎসা নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.