Sylhet Today 24 PRINT

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২৩

আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দুই মাস বাংলাদেশ অবস্থান করবে পর্যবেক্ষক দলটি।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, ‘ইইউ থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন তাদের চিঠি পেয়েছে। চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। নির্বাচন পর্যবেক্ষণের পর নির্বাচন শেষে তারা একটি প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছে। তারা নির্বাচনের তফসিলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, অনুসন্ধানমূলক মিশনের সুপারিশের ভিত্তিতে এবং ২০২৩-২৪ সালের জন্য ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বাজেট বিবেচনায় নিয়ে হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল পূর্ণমাত্রার নির্বাচন পর্যবেক্ষণ মিশন না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউর যে শর্ত আছে, সেগুলো বাংলাদেশে এখন বা যখন নির্বাচন হবে তখন পূরণ হবে কি না, তা স্পষ্ট নয়।

ইইউ রাষ্ট্রদূত তার চিঠিতে আরও উল্লেখ করেন, পূর্ণমাত্রার নির্বাচন পর্যবেক্ষণ মিশন না পাঠানোর সিদ্ধান্ত সত্ত্বেও ইইউ বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো সাপেক্ষে নির্বাচনী পর্যবেক্ষণ প্রক্রিয়ার অন্যান্য বিকল্প পথ অনুসন্ধান করছে।

ওই চিঠির আগে নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর বিষয়ে পরামর্শ, উপযোগিতা ও সম্ভাব্যতা মূল্যায়নের লক্ষ্যে একটি নির্বাচনী অনুসন্ধানী মিশন পাঠাতে ইইউকে আমন্ত্রণ জানিয়েছিল। সে আমন্ত্রণে সাড়া দিয়ে ৬ থেকে ২২ জুলাই ওই মিশন নির্বাচন কমিশনসহ বেশ কিছু অংশীদারের সঙ্গে মতবিনিময় করে।

গত রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের জন্য ছোট একটি দল পাঠাতে রাজি ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এর খরচ বহন করতে হবে বাংলাদেশকে। আমরা এগুলোতে খুব একটা আগ্রহী না।’

তবে পর্যবেক্ষক দলটি নিজেদের খরচেই আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.