Sylhet Today 24 PRINT

ফিলিস্তিনিদের জন্যে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২৩

প্রতীকী ছবি

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

আজ শনিবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত ১৯ অক্টোবর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সরকারি এক বিজ্ঞপ্তিতে শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে হতাহত ব্যক্তিদের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার কথা জানানো হয়।

শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে। যদিও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন।

৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাসের যোদ্ধারা। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে তারা অবরুদ্ধ গাজায় টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে প্রাণ যাচ্ছে নারী, শিশুসহ শতশত ফিলিস্তিনির। বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.