Sylhet Today 24 PRINT

বন্দর থেকে নামলো সতর্ক সংকেত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় হামুন। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরের ৩ নম্বর স্থানীয় সংকেতে নামিয়ে এনেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টায় উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে সাতকানিয়া, চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে।

আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১টায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং এটি দুর্বল হয়ে সাতকানিয়া, চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কক্সবাজার পৌরসভায় দেয়াল চাপায় একজন, মহেশখালী ও চকরিয়ায় গাছ চাপায় আরও দুজনের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.