সিলেটটুডে ডেস্ক | ২৭ অক্টোবর, ২০২৩
২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বৃহস্পতিবার এক সতর্কবার্তায় দূতাবাস বলছে, মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ সহিংসতায় পরিণত হতে পারে এবং বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের এজন্য সতর্কতা অবলম্বন করা উচিত।
সতর্কবার্তায় বলা হয়, 'আপনাদের উচিত যে কোনো সমাবেশ বা বিক্ষোভ এড়িয়ে চলা।' আগামী ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পর্যালোচনা করা এবং শহরের পরিবেশের বিষয়ে সবসময় খেয়াল রাখা উচিত।
নিরাপত্তা বিষয়ক তথ্যের জন্য মার্কিন নাগরিকদের নিয়মিতভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট travel.state.gov দেখার পরামর্শ দিয়েছে দূতাবাস। ওয়েবসাইটে বিভিন্ন তথ্যের পাশাপাশি ভ্রমণ সতর্কতা উল্লেখ করা থাকবে।
এছাড়া, মার্কিন নাগরিকদের জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে আশেপাশের বিষয়ে সচেতন থাকার, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা, সতর্ক থাকা, ভ্রমণে প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করা এবং জরুরি পরিস্থিতির জন্য সবসময় মোবাইল ফোনে চার্জ রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।