Sylhet Today 24 PRINT

বাইডেনের সেই কথিত উপদেষ্টা আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

ডিবিপ্রধান জানান, বাইডেনের সেই কথিত উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

এর আগে শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.