Sylhet Today 24 PRINT

নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ নভেম্বর, ২০২৩

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে জেদ্দায় ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

জানা গেছে, সৌদি পৌঁছে সন্ধ্যায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন প্রধানমন্ত্রী। ৬ নভেম্বর সকালে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন তিনি। সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন ও বক্তব্য রাখবেন। সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.