Sylhet Today 24 PRINT

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। সোমবার (৬ নভেম্বর) ভোরে ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন প্রধানমন্ত্রী। পবিত্র কাবাঘর তাওয়াফ ও ওমরাহর অন্যান্য কর্মসূচি সম্পাদনের পর মসজিদ-আল হারামে নামাজ আদায় করেন শেখ হাসিনা।

এ সময় বাংলাদেশ ও দেশের জনগণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ওমরাহ পালন করেন সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। পরে প্রধানমন্ত্রী মসজিদুল হারামে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন।

এর আগে মদিনা মোনাওয়ারায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত এবং মসজিদ-ই নববিতে আসর ও মাগরিবের নামাজ আদায় শেষে বিমানে জেদ্দায় পৌঁছেন প্রধানমন্ত্রী।পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সড়কপথে জেদ্দা থেকে পবিত্র মক্কায় এসে পৌঁছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.