Sylhet Today 24 PRINT

ইসলামী ব্যাংকসহ জামায়াতের সকল প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে আনা হবে : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ১৫ জানুয়ারী, ২০১৬

জামায়াত নিষিদ্ধ হলে ইসলামী ব্যাংকসহ তাদের সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে। এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‘যে আইনে জামায়ত নিষিদ্ধ হবে, সে আইনেই তাদের নিয়ন্ত্রিত সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে ব্যাখ্যা থাকবে,' বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

শুক্রবার রাজধানীতে অর্থনীতি সমিতির আয়োজনে বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ: মর্মার্থ ও করণীয় শিরোনামে জাতীয় সেমিনারে আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।

এ বছরের মধ্যেই জামায়াত ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে, অনেকবার এ কথা বলেছেন সরকারের সিনিয়র মন্ত্রীরা। এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে ব্যবহার করে দলটি বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতায় ব্যাংক-বীমাসহ ৮টি খাতে প্রচুর বিনিয়োগও করেছে।

সেমিনারে জামায়াতের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিস্তৃত তথ্য তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাত।

ডক্টর আবুল বারকাতের গবেষণা অনযায়ী, স্বাধীনতার পর গত ৪ দশকে মৌলবাদের অর্থনীতির নিট মুনাফার পরিমাণ কম-বেশি ২ লাখ কোটি টাকা। যা চলতি অর্থবছরের বাজেটের প্রায় সমান। কেবল ২০১৪ সালেই দলটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মুনাফা করেছে ২ হাজার ৪’শ ৬৪ কোটি টাকা।

জামায়াত নিষিদ্ধ হলে তাদের এই বিশাল অর্থনীতি পুরোটাই চলে যাবে সরকারের নিয়ন্ত্রণে। অর্থমন্ত্রী মনে করেন, এই দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তাদের দেশ ছেড়েই চলে যাওয়া উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.