Sylhet Today 24 PRINT

বাইডেনের সঙ্গে মিয়া আরেফি কথাই বলেননি: ডিআইজি হারুন

সিলেটটুডে ডেস্ক: |  ০৭ নভেম্বর, ২০২৩

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ কাশিমপুর কারাগারে জিজ্ঞাসাবাদ শেষে বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা’ পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফি কখনও জো বাইডেনের সঙ্গে কথা বলেননি। তবে ২০২১ সালের করোনা চলাকালীন সময়ে ১০-১৫ জনের একটি জুম মিটিং হয়। সেখানে বাইডেনের স্ত্রীর সঙ্গে জুম মিটিং এ দেখা হয়েছে। এছাড়া তার সঙ্গে কখনো দেখা বা কথাও হয়নি।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে হারুন–অর–রশীদ তাকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হারুন–অর–রশীদের নেতৃত্বে চার সদস্যের একটি দল কাশিমপুরের ওই কারাগারে প্রবেশ করেন।

হারুন–অর–রশীদ বলেন, ‘লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি, কিছু বিষয়ের উত্তরও পেয়েছি। তবে কিছু বিষয় অস্পষ্ট ও দ্বিমত পোষণ করায় আমরা চিন্তা করলাম, কারাগারে গিয়ে (মিয়া আরেফিকে) জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তিনি আমাদের জানিয়েছেন, তিনি “ট্র্যাপে” (ফাঁদ) পড়েছেন। তিনি বলেছেন, বিএনপি নেতা সারওয়ার্দী তাকে ট্র্যাপে ফেলেছেন। তাকে দেশে এনে বিভিন্ন নেতা-কর্মীর নম্বর দেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আবদুল আউয়াল মিন্টুর নম্বর দিয়ে বলেছেন তার কথা বলার জন্য। নেতাদের কাছে গিয়ে তার প্রশংসা এবং “হাইলাইট” করার জন্য বলেন। তিনি (মিয়া আরেফি) আবদুল আউয়াল মিন্টুর বাসায় যান। এসব কাজ করতে সহায়তা করেছেন সারওয়ার্দী।’

তিনি বলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীর এগুলো করার উদ্দেশ্য হলো, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে তিনি ভালো একটি পদ পাবেন। এসবের জন্যই এটি করেছেন। তবে মিয়া আরেফি স্বীকার করেছেন, তিনি বুঝতে পারেননি তার সঙ্গে এভাবে প্রতারণা করে ‘ট্র্যাপে’ ফেলা হয়েছে। এখন তিনি অনুতপ্ত এবং ঠিক করেননি বলে মনে করেন।

এই কাজগুলো করার পেছনে মিয়া জাহিদুল ইসলাম আরেফি কি উদ্দেশ্য বা লাভ ছিল সাংবাদিকদের এমন প্রশ্নে ডিবিপ্রধান হারুন বলেন, তার লাভ বলতে বিএনপি ক্ষমতায় গেলে লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী একটি সরকারে ভালো অবস্থানে যাবেন। তখন তাকে দিয়ে সে লাভবান হবেন বা ভালো কিছু পাবেন।

এর আগে, ২৮ আক্টোবর বিএনপির মহা সমাবেশকে ঘিরে সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আরেফি। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ হিসেবে। পরে ২৯ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাহিদুল ইসলাম আরেফিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.