Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা হাবিবকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৩

বিচারক মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে (হাবিব) ধরে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাবিবুর রহমান কোথায় আছেন, তা জানা নেই- পুলিশ প্রতিবেদন দাখিল করে এমন বিষয় জানালে বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় রায় দেয়া বিচারক মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দেয়ায় গত ১৫ অক্টোবর হাবিবকে তলব করে আদেশ দেয় হাইকোর্ট। এরপর ৬ নভেম্বর তিনি আদালতে হাজির না হলে, তিনি কোথায় আছেন তা জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান, বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর তৎকালীন বিচারক মো. আখতারুজ্জামান। ২০১৯ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।

সম্প্রতি বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে হাবিবুর রহমানের দেয়া বক্তব্য ইউটিউবে ছড়িয়ে পড়ে। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আসে। পরে তা আদালতের কার্যতালিকায় ওঠে।

লিখিত আকারে হাবিবুর রহমানের দেয়া বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। আদালত অবমাননার অভিযোগে হাবিবুর রহমানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.