Sylhet Today 24 PRINT

সাকিবের পরিবর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে এনামুল

স্পোর্টস ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৩

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাস্না। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটায় দেখা যাবে না তাকে। সাকিবের জায়গায় শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি সাকিবের জায়গায় বিজয়ের অন্তর্ভুক্তির ব্যাপারটা নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন সাকিব। এক্স-রে করার পর দেখা গেছে, আঙুলে চিড় ধরেছে। ফলে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়া ম্যাচে খেলা সম্ভব না তার পক্ষে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, ‘ইনিংসের শুরুতে বাঁ তর্জনিতে আঘাত লেগেছিল সাকিবের। কিন্তু টেপ লাগিয়ে ও ব্যাথানাশক খেয়ে ব্যাটিং চালিয়ে গেছেন। ম্যাচের পর দিল্লিতে জরুরি এক্স-রে করার পর দেখা গেছে পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে আজই বাংলাদেশে ফিরবেন সাকিব।’

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ রানে ২ উইকেট নেওয়ার পর আবার ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রান করেছেন সাকিব। বিশ্বকাপে অষ্টমবারের মতো ম্যাচসেরা হয়েছেন সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.