Sylhet Today 24 PRINT

তরুণীর সঙ্গে এমপি এনামুলের ‘আপত্তিকর অডিও’ ভাইরাল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণীর সঙ্গে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হকের আপত্তিকর কথোপথনের একটি অডিও ফাঁসের ঘটনায় রাজশাহীতে বইছে প্রতিবাদ ও সমালোচনার ঝড়।

বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ‘সচেতন বাগমারাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। একের পর এক নারীর সঙ্গে এমপি এনামুলের অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ায় তার শাস্তির দাবিতে রাজশাহীতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।   

মানবন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত সোমবার (৬ নভেম্বর) ফেসবুকে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে এমপি এনামুলের কথোপকথনের একটি ‘আপত্তিকর অডিও’ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই আপত্তিকর অডিওতে যিনি কথা বলছেন, সেই কণ্ঠস্বর এমপি এনামুলেরই।

বক্তারা আরও বলেন, এর আগেও চলতি বছরের ৫ এপ্রিল ৫ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে অন্য এক তরুণীর সঙ্গে এমপি এনামুলকে আপত্তিকর ভাষায় কথা বলতে দেখা গেছে। তাই একজন আইন প্রণেতার এমন দুশ্চরিত্র আমাদের কারও কাম্য নয়। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এমন একজন ব্যক্তিকে যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া না হয়।

তারা আরও বলেন, সরকারি চাকরি দেওয়ার নাম করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এমন অসংখ্য তরুণী ও নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন এমপি এনামুল। তার কারণে আমরা বাগমারাবাসী দেশের কোথাও মুখ দেখাতে পারি না। এ জন্য আমরা তার শাস্তি দাবি করছি।

মানবন্ধনে বক্তারা আরও বলেন, শুধু নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাই নয়; বাগমারায় এমপি এনামুল অনিয়ম-দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগের নামে লাখ লাখ টাকা নিয়ে রেখেছেন, করেছেন নানা নিয়োগ বাণিজ্যও। আমরা সামনের দিনে এমন দুর্নীতিবাজ ও নারীবাজ মানুষকে এমপি হিসেবে দেখতে চাই না।

মানববন্ধনে অন্যদের মধ্যে বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, গোবিন্দুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এমএম এনামুল হক, আউচপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমান, রাজশাহী জেলা মৎসজীবী লীগের দপ্তর সম্পাদক আবু রায়হান, আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ অনেকে বক্তব্য দেন। কর্মসূচিতে বাগমারা উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করে।
 
এসব বিষয়ে জানতে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে আগের ভিডিও ভাইরাল সম্পর্কে এমপি এনামুল হক ওই সময় গণমাধ্যমকে বলেছিলেন, তিনি নিজেও সেই ভিডিওটি শুনেছেন। কিন্তু ওইটা বানোয়াট ও ভুয়া। এমনকি তার আইডি হ্যাক করে প্রতিপক্ষ এটা করেছে বলে ওই সময় দাবি করেছিলেন এমপি এনামুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.