Sylhet Today 24 PRINT

খাদ্যবাহী ট্রাকে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কে মুরগির খাদ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কামারখন্দের ঝাঐল ওভারব্রিজের কাছে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে রাজশাহীগামী ড্যানিশ কোম্পানির মুরগির খাদ্যবাহী ট্রাকটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে তাতে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে টহল পুলিশের দুর্বল নিরাপত্তার কারণে এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটির সামনের কেবিনে সামান্য ক্ষতি হয়েছে। গ্লাস ভেঙে গেছে। দমকল বাহিনীর লোকজন খবর পেয়ে আগুন নিভিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, এ ঘটনার তদন্ত চলছে। এছাড়া কারও দায়িত্ব অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার পর ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.