Sylhet Today 24 PRINT

ফের বিক্ষোভে পোশাক শ্রমিকরা, বেশকিছু কারখানায় সাধারণ ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২৩

মজুরি বোর্ড ঘোষিত সর্বনিম্ন মজুরি প্রত্যাখান করে ফের আন্দোলনে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর জের ধরে বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় পুলিশ-শ্রমিক মুখোমুখি অবস্থান নিলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া, বেরণ, ছয়তলা ও নরসিংহপুর এলাকায় গিয়ে কারখানায় শ্রমিকদের দলবেঁধে প্রবেশ করতে দেখা গেছে। তবে এর আধাঘণ্টা পরেই শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে যেতে দেখা যায়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, শ্রমিকরা সকালে ভালোভাবেই কারখানায় কাজে যোগ দিয়েছিল। তবে সকাল সাড়ে ৮টার দিকে বেরণ এলাকার এ এম ডিজাইন ও এনভয় গার্মেন্টের শ্রমিকরা বেরিয়ে আসে। এরপর আশপাশ সেতারা ও স্টারলিংকসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা বেরিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আমরা সকালে কারখানায় কাজে এসেছিলাম। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে আমরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাচ্ছি।

আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারওয়ার আলম জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছিল। পরে বেশ কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা বেরিয়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই এলাকার প্রায় পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.