Sylhet Today 24 PRINT

পুরান ঢাকায় পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৩

বিএনপি জোটের অবরোধে নাশকতার মধ্যে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে পাঁচটি পেট্রোল বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৫

গ্রেপ্তারদের মধ্যে একজন  জানিয়েছেন, তারা পেট্রোল বোমা তৈরি করেন এবং প্রতিটি ৫০০ টাকায় বিক্রি করে থাকেন।

বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, মঙ্গলবার রাতে ওই এলাকার পৃথক স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মো. ফারুক (৩০), মামুন (১৭) ও কাউসার (১৬)।

ওসি কুদ্দুস বলেন, রাত ৮টার দিকে শিক্কাটুলী রাস্তা থেকে  ফারুককে পাঁচটি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুয়াযী মামুন ও কাউসারকে আলুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

“কাঁচের বড় বোতলে পেট্রোল বোমা তৈরি করে কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,” বলেন ওই পুলিশ কর্মকর্তা।

ফারুক গণমাধ্যমকে বলেন, তারা পেট্রোল বোমাগুলো নিজেরাই বানিয়েছিলেন।

তবে কাদের কাছে পেট্রোল বোমাগুলো দেওয়ার কথা ছিল, সে বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

এক মাসের বেশি সময় ধরে চলা অবরোধে বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হচ্ছে। এতে এই পর্যন্ত অর্ধশত মানুষ মারা গেছেন, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অর্ধ শতাধিক।

ভোলায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার

ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পেট্রোল বোমা পুলিশ উদ্ধার করেছে বলে গণমাধ্যম প্রতিনিধিরা জানিয়েছেন। 

 

 

 

 

মঙ্গলবার মধ্যরাতে এগুলো উদ্ধার করলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

ভোলার সহকারী পুলিশ সুপার (এসএসপি সার্কেল) রামানন্দ সরকার বলেন, দুর্বৃত্তরা নাশকতার জন্য পেট্রোল বোমাগুলো জড়ো করেছিল।

“খবর পেয়ে পুলিশ ওয়েস্টার্ন পাড়া এলাকার রিজার্ভ পুকুর পাড়ে অভিযানে গেলে দুর্বৃত্তরা বোমাগুলো ফেলে পালিয়ে যায়।” 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.