Sylhet Today 24 PRINT

অবরোধের আগে ১০ ঘণ্টায় ৯ গাড়িতে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০২৩

ফাইল ছবি

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর চতুর্থ দফা আবরোধের আগে গত দশ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মোট ৯টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহজাহান শিকদার।

তিনি জানান, গত দশ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৭টি, গাজীপুরে ১টি, বরিশাল সদরে ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৮টি বাস, ১টি পিকআপ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ১৯টি ইউনিট ও ১৯৩ জন জনবল কাজ করে।

গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আরামবাগে নটর ডেম কলেজের সামনে লাল সবুজ নামে একটি বাসে আগুন লাগানো হয়। এর ১০ মিনিট পরে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। রাত ৯টার দিকে গুলিস্তানে স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ নামে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এর আধঘণ্টার মাথায় ৯টা ২৭ মিনিটে দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনাবিল পরিবহন নামে একটি বাসে আগুন লাগানো হয়। কিছুক্ষণ পর ৯টা ৩৩ মিনিটের দিকে গাজীপুরের জুগিতলায় একটি পিকআপে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ৯টা ৩৮ মিনিটে মিরপুরে কাফরুল থানার সামনে প্রজাপতি পরিবহন নামে একটি বাসে আগুন লাগানো হয়।

রাতের দিকে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি যানবাহনে আগুন লাগানো হয়। গতকাল শনিবার দিবাগত রাত ১২টায় রূপনগর থানার সামনে একটি বাসে আগুন লাগানো হয়। দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটের দিকে বরিশাল সদরে বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে মা এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন লাগানো হয়। সকাল ৬টা ৯ মিনিটে মালঞ্চ পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

এদিকে, অবরোধ চলাকালে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৫২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.