Sylhet Today 24 PRINT

৫০ টাকা দরে পেঁয়াজ বেচবে টিসিবি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষের স্বস্তি দিতে টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর ২৫ থেকে ৩০টি স্থানে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ ট্রাকসেলে বিক্রি হবে। এসব পণ্য বর্তমান বাজারমূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে মিলবে।

সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকাতে ২৫ থেকে ৩০টি ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। এতে নতুন করে আরও ৯ হাজার পরিবার যোগ হবে। প্রতিটি ট্রাকে ৩০০ জন এই পণ্যগুলো পাবে। শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিক্রি হবে। তবে বিভিন্ন দিন বিভিন্ন স্থানে বিক্রি হবে।

তপন কান্তি ঘোষ জানান, ট্রাক সেলে একজন ২ কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল নিতে পারবেন। এক্ষেত্রে আলু প্রতি কেজি দাম পড়বে ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা। তবে এই মুহূর্তে চিনি দেওয়া যাচ্ছে না।

তিনি জানিয়েছেন, যিনি আগে আসবেন তিনি আগে পাবেন, এই ভিত্তিতে এই ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে। আমদানি বাড়ার পরিপ্রেক্ষিতে এই ট্রাকসেলের পরিধি বাড়ানো হবে।

সচিব বলেন, সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে। প্রতিটি পণ্য অর্ধেক দামে দেওয়া হয়। আজ থেকে সারা দেশে জেলা প্রশাসকরা ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যকর করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.