Sylhet Today 24 PRINT

পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ ১২ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০২৩

পরীমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য  ছিল।

তবে এদিন পরীমণির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশ বিষয়ে আদেশ না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন আইনজীবী। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১২ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন পরীমণির পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন।

গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমণি। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে, ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। গত বছর ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.