Sylhet Today 24 PRINT

১৭ নভেম্বর থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সন্ধ্যায় ধানমণ্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী তপশিল ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

কাদের বলেন, আগামী ১৭ তারিখ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে মনোনয়ন প্রত্যার্শীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করবেন।

তপশিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আজকের দিনটি খুব আনন্দের দিন। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ঘোষিত তপশিলকে স্বাগত জানাই।

ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।  নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.