Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী পশ্চিম ইউরোপের দেশ বেলজিয়াম ও সৌদি আরবে সাম্প্রতিক সফরসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন।’

বৈঠকে প্রধানমন্ত্রী ব্রাসেলস ও জেদ্দা সফর সংক্রান্ত দুটি প্রতিবেদনও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ যোগ দিতে তিনদিনের (২৫-২৭ অক্টোবর) সরকারি সফরে গত ২৪ অক্টোবর বেলজিয়াম যান।

পরে জেদ্দায় চারদিনের (৬-৮ নভেম্বর) ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফরে যান সরকারপ্রধান।

শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী ওমরাহ পালন করেন এবং মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফল বিদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং একে অপরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

প্রধানমন্ত্রী সম্প্রতি সিঙ্গাপুরের হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করায় রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেন।

এর আগে বেলা সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার পত্নী ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীও প্রথা অনুযায়ী রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া উপহার দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.