Sylhet Today 24 PRINT

মেয়র পদ ছাড়ার পর প্রথমবারের মতো দলীয় কর্মসূচিতে আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০২৩

সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ ছাড়ার পর প্রথমবার দলীয় ব্যানারে কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। ২৮ অক্টোবর থেকে বিএনপির লাগাতার কর্মসূচি শুরু হলেও মাঠে ছিলেন না সিলেট বিএনপির শীর্ষ এই নেতা।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা আগামীকাল রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে আরিফুল হক চৌধুরী সিলেট নগরে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সেখানে তিনি প্রত্যেক পাড়া-মহল্লায় হরতাল সফলের আহ্বান জানান।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে আরও অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব ফয়সল, ইকবাল আহমদ, আশিক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইস্তিয়াক সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজল হোসেনসহ নেতাকর্মীরা।

মিছিলটি নগরের কালেক্টরেট মসজিদ থেকে বের হয়ে কোর্ট পয়েন্ট হয়ে জেল রোড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী।

সমাবেশে তিনি বলেন, ‘এই অবৈধ তফসিল আমরা মানি না। অবশ্যই এই তফসিল বাতিল করতে হবে। আগামীকাল ও পরশু (রোব ও সোমবার) দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়েছে। বিএনপির এই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন, কারণ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।

গত ৭ নভেম্বর নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচিত নতুন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন আরিফুল হক চৌধুরী। এর আগে ২১ জুন সিসিকের পঞ্চম নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জয়ী হন আনোয়ারুজ্জামান। ওই নির্বাচনে আরিফুল প্রার্থী হননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.