Sylhet Today 24 PRINT

বাংলাদেশে ভারত কোন অগণতান্ত্রিক সরকার ‘চায় না’: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০২৩

ভারতের সঙ্গে সচিব-পর্যায়ের বৈঠকে নির্বাচন নিয়ে আলাপ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের আসন্ন বৈঠকে রাজনৈতিক বিষয় নয়, বরং দ্বিপক্ষীয় খুঁটিনাটি বিষয়ের আলোচনা হবে।

সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র সচিবের ওটাতে (বৈঠক) নির্বাচন নিয়ে আলাপ হবে না।

বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার ভারত ‘চায় না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারত চায় বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে যেন কোনো রকমের ভাটা না পড়ে। তারা চায় এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত থাকুক। তারা সবসময় গণতন্ত্রের পক্ষে।

চলতি সপ্তাহে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ভারত সফর নিয়ে তিনি বলেন, আমরা অনেক দেশের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করি, এখানে আমাদের বিভিন্ন রকমের ইস্যু যেগুলো হয়, সেগুলো আমরা আলাপ করি, এটা রুটিন বিষয় এবং সেগুলো আছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিভিন্ন ধরনের রুটিন বিষয় থাকে এফওসির আলোচনায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.