Sylhet Today 24 PRINT

মেয়েদের থেকে ছেলেরা পিছিয়ে, কারণ খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইচএসসিতে ছাত্রীদের পাসের হার বেশি, এটার জন্য ধন্যবাদ। সবসময় আমাদের শুনতে হয় জেন্ডার ইকুয়ালিটি। এখন তো দেখি উল্টো হচ্ছে, ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যাচ্ছে। প্রতিবার দেখি মেয়েদের পাশের হার বেড়ে যাচ্ছে। এখন ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে।

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ বছরের এইচএসসির ফলাফল হস্তান্তরের পর তিনি তার বক্তব্যে এ কথা বলেন।

মেয়েরা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'ছেলেদের বলছি তোমরা পিছিয়ে থেকো না। তোমরা পড়াশোনা করে সমান তালে চলো, সেটাই আমরা চাই।'

তিনি বলেন, 'জিপিএতেও মেয়েরা এগিয়ে। যাই হোক আমি ছেলে-মেয়ে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।'

তিনি আরও বলেন, 'এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট খুঁজতে হয় না। আজ মোবাইল ফোনে ডিজিটাল পদ্ধতিতে ফল দেখা যায়। এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।'

পরীক্ষায় যারা উর্ত্তীর্ণ হতে পারেনি, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফলাফল বিশ্লেষণে জানা যায়, এ বছর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.