Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ডাকাতি হওয়া মালামালসহ গ্রেপ্তার ৬

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি হওয়া মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টায় সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল, নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বুধবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে এস আই পার্থ সারথি দাস, এস আই হাফিজুর রহমান সহ একদল পুলিশ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের আংটি একটি স্বর্ণের লকেট সহ চেইন, রুপার ১টি চেইন, ২টি আংটি, ২টি নুপুর, ১টি ল্যাপটপ, একটি স্মার্ট মোবাইল ফোন, নগদ সাড়ে ৩২ হাজার টাকা সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার ও একটি পিক আপ গাড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, এই ডাকাত দল গত ১৯ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে দোলাল আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এই ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল সুদিশ চন্দ্র দাস, পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.