Sylhet Today 24 PRINT

সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০২৩

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিম্নচাপের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা বা ঝড়োহাওয়ার আকারে ৫০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার এক নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দঞ্চিণপূর্ব বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (৮.০ উত্তর অক্ষাংশ এবং ৮৭.১ পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে।

এটি আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৯৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৩০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৮৫ কি.মি. দক্ষিণপশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

২৭ নভেম্বর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। পরবর্তীতে ২৯ নভেম্বর এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হযেছে। এটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে একাধিক আবহাওয়াবিদ আশঙ্কা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.