Sylhet Today 24 PRINT

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০২৩

স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার (২ ডিসেম্বর) প্রশাসনিক বদলিসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের কাছে যে তথ্য আছে সেটি অনুযায়ী, এখন পর্যন্ত ২ হাজার ৭১৩ জন প্রার্থী আছেন, আর ২৯টি দল আছে। আগে ৩০টি দিয়েছিল। তবে তারমধ্যে জেডিপি বলে একটি আছে, সেটি কোনো দল না, সেটি স্বতন্ত্র হবে। তাই সবমিলিয়ে নিবন্ধিত দলের মধ্যে ২৯টি দল আমাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছে।

তিনি জানান, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে ইউএনও এবং ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রয়োজনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরও বদলি করা হতে পারে।

অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহে বিভিন্ন জেলা এবং অঞ্চলপর্যায়ে সফর করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গত ৩০ নভেম্বর বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ সময় রদবদলে প্রশাসনে বিশৃঙ্খলার কোনো ঝুঁকি নেই বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন মনে করলে কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই মুহূর্তে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। প্রশাসন এখন পর্যন্ত ভালোই দেখছি, কোনো অসুবিধা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.