Sylhet Today 24 PRINT

শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ধিত বেতন ও ফি আদায় বন্ধের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৬

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত বেতন ফি আদায় না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
 
রোববার (১৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে একথা জানানো হয়।
 
সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে সরকার শিগগিরি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
 
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি সরকারের নির্দেশনা ব্যতিরেকেই বর্ধিত হারে আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 
এতে আরও উল্লেখ করা হয়, 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর ৪১(২)(খ)(২) নং বিধি অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি শিক্ষার্থীদের নিকট থেকে আদায়যোগ্য বেতন ও ফিসের হার নির্ধারণ করবে।'
 
প্রসঙ্গত, জাতীয় বেতনকাঠামোর অজুহাত তুলে নতুন বছরের শুরুতেই রাজধানীসহ চট্টগ্রামের নামকরা বেসরকারি স্কুল-কলেজে বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ নিয়ে তারা আন্দোলন শুরু করেন। ইতিমধ্যে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার, ভিকারুননিসা, মতিঝিল আইডিয়ালসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.