Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে পতাকা টাঙাতে গি‌য়ে দুই নির্মাণ শ্রমিকের মৃ‌ত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২৩

আয়নাল হকের স্ত্রীর আহাজারি। ছবি: সমকালের সৌজন্যে

গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সা‌ড়ে ৭টায় বিসিক এলাকায় আইএফএল লি‌মি‌টেড না‌মে নির্মাণাধীন এক‌টি ভবনের গে‌টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)।

নিহত আয়নাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবার নিয়ে থাকতেন।

আইএফএ‌লের আরেক নির্মাণ শ্রমিক মো. হারুন জানান, আইএফএল মূল ফট‌কের কা‌ছে আয়নাল ও আশরাফুল সকাল সাড়ে ৭টার দিকে বিজয় দিবস উপলক্ষে র‌ডের সঙ্গে বে‌ঁধে জাতীয় পতাকা টাঙাতে যান। এ সময় উপ‌রে থাকা বিদ্যুতের তা‌রে পতাকা বাঁধা‌নো রড লে‌গে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে ছিটকে পড়েন। এ সময় অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.