Sylhet Today 24 PRINT

দেশের বাজারে সোনার দাম বেড়েছে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২৩

প্রতীকী ছবি

১২ দিনের ব্যবধানে বাংলাদেশে সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে বলে সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব ধরনের সোনা ও রুপার দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী ২২ ক্যারেটের সোনা বিক্রি করা হবে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। যা এক দিন আগে ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেট সোনা বিক্রি করা হবে ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা। সোমবার পর্যন্ত এটা কম দামে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা বিক্রি করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনা বিক্রি করতে হবে ৮৯ হাজার ৪০৫ টাকা। যা আগে ছিল ৮৮ হাজার ৪৭১ টাকা। আর সনাতনী সোনা বিক্রি করা হবে ৭৪ হাজার ৫৩৩ টাকা। যা সোমবার পর্যন্ত বিক্রি করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।

সোনার মতো এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ফলে মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৪ টাকা এবং সনাতনী রুপা বিক্রি করা হবে ১ হাজার ২৮৩ টাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে বাজুস থেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.