Sylhet Today 24 PRINT

দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২৩

আসন্ন নির্বাচনে দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবে সেটিই চাই।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের এমন কোনো জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা যদি আবারও সরকার গঠন করতে পারি তাহলে প্রতিটি জেলা ভূমি ও গৃহহীনমুক্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভোটে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না।

রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাগুলোর মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.