Sylhet Today 24 PRINT

আগুনে মানুষ পোড়ানোর ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৩

জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস-ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সেই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বিষয়টি।

বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে ততই বাড়ছে বাস ও ট্রেনে নাশকতার ঘটনা। গত মঙ্গলবার আগুন দেওয়া হয় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে। তিনটি বগিতে লাগা আগুনে মারা যান মা-শিশুসহ চারজন।

একই দিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তনগর মেঘনা ট্রেনের একটি বগিতে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ট্রেনের একটি বগির গ্লাস ভেঙে গেছে।

এর আগে ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলায় ভোর সোয়া ৪টার দিকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় একজন নিহত হন।

এ ছাড়া ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় প্রায় ৩০০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বাস ও ট্রেনে আগুন-সন্ত্রাসের বিষয়টি। এ বিষয়ে বৈশ্বিক সংস্থাটির অবস্থান জানতে চাওয়া হয়। এ সময় গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নাশকতায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, ‘সেই ভয়ংকর আগুনে নিহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। প্রশাসনের দায়িত্ব ঘটনার তদন্ত করা এবং জড়িতদের বিচারের আওতায় আনা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.