Sylhet Today 24 PRINT

হামলায় আহত স্বতন্ত্র প্রার্থীর ১২ কর্মী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৩

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে হারং এলাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটুর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপালের কর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পৌর মেয়রের ছেলে তানিমের গাড়ি ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলি করা হয়।

হামলায় হারংয়ের ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুলসহ ৪/৫ জন আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মবিন (৫০), পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয় দত্ত (২৯)।

আহত কর্মীরা জানিয়েছেন, শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলের প্রচারণায় যাওয়ার সময় নৌকার নেতাকর্মীরা লাঠি-দা-ছেনি নিয়ে এ হামলা করে। এ সময় গাড়ি ভাঙচুর ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে নৌকার কর্মীরা। হামলার পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

আহত কাউন্সিলর নাজমুল বলেন, ‘আমরা ঈগল প্রতীকের প্রচারণায় যাওয়ার সময় চারদিক থেকে হামলা করে। হামলাকারীদের মধ্যে এখানকার জসিম, সোহাগ, রাসেল, সুমন, কামালকে আমরা চিনতে পেরেছি। আমাদের পিটিয়ে তারা আহত করেছেন। এ যদি হয় নির্বাচনের পরিবেশ, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে।’

চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সালেহ মাহমুদ ভূঁইয়া লেনিন বলেন, ‘হারং এলাকায় আমাদেরকে বেধড়ক পেটানো হয়। আমরা অন্তত ৯ জন আহত হই।’

এ বিষয়ে জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, ‘ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.