Sylhet Today 24 PRINT

স্বর্ণের দামে নতুন রেকর্ড

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০২৩

দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে। পাঁচ দিনের ব্যবধানে দাম আরেক দফা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। সে হিসাবে ভরিতে বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। এর আগে দেশের বাজারে স্বর্ণের দাম এমন উচ্চতায় আর কখনও ওঠেনি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে সবশেষ ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৪ হাজার ৫৩৩ টাকায় বেচাকেনা হয়েছে।

সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। রোববার থেকে এই দাম কার্যকর হবে।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫ হাজার ৬৯৯ টাকা ভরি বিক্রি হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.