সিলেটটুডে ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বাঁশখালীর নির্বাচনি কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা এ মামলা দায়ের করেন।
মামলাটি গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণবিধির ৮(খ) ধারায় মামলাটি করা হয়েছে। নির্বাচন কমিশন গত সোমবার মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশনা দেয়।
ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ ছালাম স্বাক্ষরিক চিঠিতে বলা হয়, মোস্তাফিজুর রহমান ৩০ নভেম্বর ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন। এ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদকে গালিগালাজ ও মারধর করে মাটিতে ফেলে দেন এবং প্রাণনাশের হুমকি দেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরী সেদিন আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে পরে নির্বাচনি অনুসন্ধান কমিটিও নির্বাচন কমিশনে প্রতিবেদন দেয়।