Sylhet Today 24 PRINT

বই উৎসব ১ জানুয়ারি, রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০২৩

জাতীয় নির্বাচনের কারণে এবার ১ জানুয়ারি ‘বই উৎসব’ হলেও তাতে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও হবে না। স্থানীয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ‘অনাড়ম্বর’ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ১ জানুয়ারি ‘বই উৎসব’ করার অনুমতি দিলেও তাতে রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এ জন্য কেন্দ্রীয়ভাবে যে অনুষ্ঠান করার কথা ছিল, সেটি হবে না। তবে ১ জানুয়ারি ডিসি-ইউএনওরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন।

জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত ‘বই উৎসব’ অনুষ্ঠানের বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন। অর্থাৎ সরকারের রুটিন কাজ হিসেবে এখন বই বিতরণ কার্যক্রম চলবে।

করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। শিক্ষার্থীরা খালি হাতে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নতুন বই হাতে নিয়ে খুশিমনে বাড়ি ফেরে। এটি এখন রেওয়াজে পরিণত হয়েছে।

তবে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এবার আসন্ন শিক্ষাবর্ষের শুরুর দিনেই উৎসব করে শিক্ষার্থীদের বই তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে একধরনের অস্পষ্টতা ছিল। এখন নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ায় ১ জানুয়ারি বই উৎসব হবে।

এনসিটিবি সূত্রমতে, এবার প্রাথমিকে বই ৯ কোটি ৩৮ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরের বই ২১ কোটি ৩২ লাখের বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.