Sylhet Today 24 PRINT

সহিংসতা খুব বেশি হয়নি, দাবি সিইসির

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনের আগে সহিংসতায় অন্তত দুজনের মৃত্যুর খবর এলেও 'খুব বেশি ঘটনা ঘটেনি' বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার ঘটনা মোটা দাগে খুব বেশি ঘটেনি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ইসি কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, 'নির্বাচনী মাঠে আমরা এক্সটেনসিভ ঘুরে বেড়িয়েছি। প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের সঙ্গে সভা করেছি। তাদের কাছ থেকে খুব বেশি অভিযোগ আমরা পাইনি। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, কিছুকিছু ক্ষেত্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু মোটা দাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না '

'তবে সহিংসতা একেবারে হয়নি, সে কথা বলছি না। আশা করি এটা গ্রাজুয়েলি আর কয়েকটা দিন আছে, আমরা আমাদের আবেদন রাখছি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা যেন এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন।'

সিইসি আরও বলেন, 'একটা সময় প্রচারণা বন্ধ হয়ে যাবে। তারপর ভোটের দিন আসবে। ভোটের দিনটা নীরবে এবং আইন-কানুন মেনে যদি ওটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলেই ভোটাধিকার প্রয়োগটা আমরা জোর দিচ্ছি। সেখানে পোলিং এজেন্টরা  থাকবে, পোলিং এজেন্টদের ভারসাম্যরা রক্ষা করতে হবে কেন্দ্রের ভেতরে। সেখানে কোনো আনঅথরাইজ পারসন যেন প্রবেশ করতে না পারে এবং বাহির থেকে বা ভেতর থেকে গণমাধ্যম যদি কোনো অনিয়মের ছবি ক্যাপচার করে এটা যদি সম্প্রচার করতে পারে, আমরা সেটাকে স্বাগত জানাব।

'এভাবে একটা দৃশ্যমানতার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাটা যদি ফুটে ওঠে, তাহলে এর ক্রেডিবিলিটি বেড়ে যাবে এবং রং পারসেপশন হওয়ার সুযোগটা কম হবে। আমরা আমরা আশাবাদী।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.