Sylhet Today 24 PRINT

বড়পুকুরিয়ায় তিন মাসের জন্য বন্ধ কয়লা উত্তোলন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২৩

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৪১২ ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে কয়লা উত্তোলন। আজ (৩০ ডিসেম্বর) সকাল থেকে কয়লা উৎপাদন বন্ধ হয়।

চলতি বছরের গত ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইজ থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। খনি কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় ৫০ হাজার মেট্রিকটন কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে। ১২০৯ নম্বর নতুন এই ফেইজে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ। জ্বালানি সরবরাহের জন্য আগামী তিন মাসের জন্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল্ড ইয়াডে ১ লাখ ৬০ হাজার মে.টন কয়লা মজুত রয়েছে।

খনি কর্তৃপক্ষ বলছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আপদকালীন কয়লা মজুদ রেখে নতুন ফেইজের কাজ শুরু করতে হয়। বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩ হাজার থেকে ৪ হাজার মেট্রিকটন উত্তোলনকৃত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয়।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, খনির ১৪১২ ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে কয়লা উত্তোলন করা হবে। খনির নিয়মিত একটি কাজ নতুন ফেইজ তৈরি ও যন্ত্রপাতি স্থাপন করা। আশা করা যাচ্ছে নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.