Sylhet Today 24 PRINT

নির্বাচন বানচালের চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি: শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্তের সমুচিত জবাব ভোটের দিন ৭ জানুয়ারি দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনি জনসভায় দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করে।

বরিশালে ‍শুক্রবার নির্বাচনি জনসভায় বক্তব্যের এক দিন পর টুঙ্গিপাড়ায় দেয়া ভাষণে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা এটাই চাই যে, এই নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হতে হবে। এই নির্বাচন যাতে না হয়, তার যে চক্রান্ত, সেই চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘আমি উন্নয়নের কথা বলতে চাই না। যেটা হয়েছে, সেটা আপনারা নিজেরাই জানেন; নিজেরাই উপলব্ধি করতে পারেন। দেশটা বদলে গেছে এখন। খালি আমি চাই আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখবে। তারা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে (উঠবে)।

‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করব। আমাদের এই যে তরুণ সমাজ, আমাদের যারা শিশুসন্তান, প্রত্যেকে এই ডিজিটাল ডিভাইস শিখবে, কম্পিউটার শিখবে, দক্ষ জনশক্তি হবে। বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.