Sylhet Today 24 PRINT

রাঙামাটিতে পাঁচ জেএমবির দণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৬

এক দশক আগে সারা দেশে একযোগে বোমা হামলার সময় রাঙামাটিতে বিস্ফোরণের ঘটনায় জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) এ মামলার রায় ঘোষণা করেন রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক।

কারাদণ্ডাদেশ পাওয়া জেএমবির সদস্যরা হলেন, রাঙামাটির বরকল উপজেলার ওবায়দুর রহমান খায়ের, দিনাজপুরের আরিফুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আইয়ুব আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার মো. আবদুল হাফিজ খলিল ও কক্সবাজারের মো. জাবেদ ইকবাল।

২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা।

রাঙামাটিতে বিস্ফোরণ ঘটানো হয় তিনটি স্থানে। ওই ঘটনায় বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘ বিচার শেষে আদালত পাঁচজনকে দণ্ডাদেশ দিলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দিয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.