Sylhet Today 24 PRINT

সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২৪

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আনিছুর রহমান এ কথা বলেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এবার নির্বাচনে সবচেয়ে বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা উল্লেখ করে আনিছুর রহমান বলেন, এর উদ্দেশ্য একটাই, তা হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তারা যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারেন, কোনো কারণে যদি তাঁরা ব্যর্থ হন, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তাঁরা সেটা চাইবেন না। কারণ, এতে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে আনিছুর রহমান বলেন, কোনোভাবেই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনের একটাই নির্দেশনা—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর বাইরে আর কোথাও থেকে নির্দেশনা আসবে না।

আনিছুর রহমান আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু ১৮ কোটি মানুষ দেখছে, তা নয়; দেখছে সমগ্র বিশ্ব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.