Sylhet Today 24 PRINT

ড. ইউনূসের দণ্ডে আওয়ামী লীগের দায় নেই: কাদের

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০২৪

ফাইল ছবি

আদালতের রায়েই ড. ইউনূস দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে। লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে। তবে তারা যতই বাধা দিক নির্বাচন ঠেকানো যাবে না।

তিনি বলেন, আদালতের রায়েই ড. ইউনূস দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?

জাপার কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টির ২/১ জন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন নাও করতে পারেন। কিন্তু দলগতভাবে নির্বাচন থেকে তারা সরে যাবে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারাতো কেউ সরে যায়নি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.