সিলেটটুডে ডেস্ক | ০৪ জানুয়ারী, ২০২৪
নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ঢাকার ধামরাইয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি। মিছিল চলাকালে এ সময় পুলিশি বাধার অভিযোগে ক্ষুব্দ বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে পুলিশের এএসআই আব্দুস সোবহানসহ দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে বিক্ষোভ মিছিল বের করে ধামরাই উপজেলা বিএনপি। দলটির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবলদলে সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের কয়েক হাজার বিএনপির নেতাকর্মী কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের কালামপুর বাজার এলাকায় এ বিক্ষোভে অংশ নেয়।
এসময় মিছিলের খবর পেয়ে ধামরাই থানার এএসআই আব্দুস সোহানসহ কয়েকজন কনস্ট্রেবল পুলিশের পিকআপ ভ্যানে কালামপুর বাজারে উপস্থিত হয়।
এক পর্যায়ে বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয় এবং দুই বিএনপি কর্মীকে আটক করে। এসময় বিএনপির নেতাকর্মীরাই পুলিশের উপর হামলা করে আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনার পরই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির তিন কর্মীকে আটক করে। পরে পুলিশের গাড়ি ভাংচুর ও বিএনপির মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আহত পুলিশের এএসআই আব্দুস সোবহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করা হয়েছে। এছাড়াও হামলাকারী বিএনপি নেতাকর্মীদের ধরার জন্য বিভিন্ন এলাকায় জোর অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে জানতে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।