Sylhet Today 24 PRINT

ভোটকেন্দ্রের পাশ থেকে ১০ ককটেল উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০২৪

রাজশাহী মহানগরীর একটি ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) রাতে নগরীর উপশহর স্যাটেলাইট টাউন মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুজন ইসলাম তৌহিদ নামে বিএনপির এক সমর্থককে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ওই বিদ্যালয়ের পাশ থেকে দুটি বালতিতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করে।

নগর গোয়েন্দা শাখার এডিসি মো. রুহুল আমিন বলেন, আরএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ২টার দিকে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এগুলো বেশ শক্তিশালী ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.